বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নান্দাইলে বর্ণাঢ্য র্যালি
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজ মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে নান্দাইল নতুন বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারসংলগ্ন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, রেজাউল করিম ও রেজাউল করিম বিপ্লব, সদস্যসচিব মো. এনামুল কাদির, উপজেলা পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপির সদস্যসচিব মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদল নেতা মাজারুল ইসলাম ও আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অনিক আহমেদ বাবুল ও সদস্যসচিব মো. সাদ্দাম হোসেন।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।