রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতায় চট্টগ্রাম বন্দর
ফাইল ছবি
দেশের অর্থনীতির হৃৎপিণ্ডখ্যাত চট্টগ্রাম বন্দরের ডিজিটাল অবকাঠামো রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতায় নেওয়া হয়েছে। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (চবক) গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করেছে।
সোমবার (৩১ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ১৫ অনুসারে এ ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশে জারি করা এ আদেশ কার্যকর হয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশে এতদিন পর্যন্ত ৩৬টি সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) হিসেবে ঘোষণা করা হয়েছিল। এখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে এ ঘোষণার আওতায় নেওয়ার ফলে বন্দরের সিস্টেমে অধিকতর সুরক্ষা প্রদান সম্ভব হবে।
বন্দর সূত্রে জানা গেছে, এ সুরক্ষা কেবল সাইবার নিরাপত্তায় সীমাবদ্ধ থাকবে না, বরং তা ডেটা সেন্টার, যোগাযোগ ব্যবস্থা, ডেটাবেজ, অ্যাপ্লিকেশন পর্যায়ের যোগাযোগ এবং এপিআই হাব যোগাযোগসহ সামগ্রিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোয় সম্প্রসারিত হবে।
এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর জাতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করল। যা বন্দরের সামগ্রিক মানসূচক এগিয়ে নিতেও সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ।