পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ
ফাইল ছবি
নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদনের পাশাপাশি সরকারি পেনশনভোগীদের জন্য বড় সুবিধা ঘোষণা করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় ৯ লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীর নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর যাদের মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম, তাদের দ্বিগুণ হবে।
সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদনের সঙ্গে পেনশন বৃদ্ধির এই সিদ্ধান্তও নেওয়া হয়। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং পেনশন বৃদ্ধিও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
কার কত বাড়বে
সরকার স্ল্যাবভিত্তিক পদ্ধতিতে পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এতে—
* ৯ হাজার টাকা বা কম নিট পেনশন: ১০০ শতাংশ বৃদ্ধি
* ৯,০০১–২০,০০০ টাকা: ৭৫ শতাংশ বৃদ্ধি
* ২০,০০১–৩০,০০০ টাকা: ৬৫ শতাংশ বৃদ্ধি
* ৩০,০০১–৪০,০০০ টাকা: ৬০ শতাংশ বৃদ্ধি
* ৪০,০০১ টাকার বেশি: ৫৫ শতাংশ বৃদ্ধি
সরকার বলছে, দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিরাই এ ব্যবস্থায় সবচেয়ে বেশি উপকৃত হবেন।
‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ এখনই নয়
সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি)’ ব্যবস্থা চালু করার নীতিগত সিদ্ধান্ত বহাল রেখেছে। তবে, বিপুল আর্থিক ব্যয় এবং বিশেষ করে ২০১৯ সালের আগে অবসর নেওয়া বেসামরিক কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্যের অভাবের কারণে এটি একবারে বাস্তবায়ন করা হচ্ছে না।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, সামরিক ও বেসামরিক উভয় খাতে ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ওআরওপি বাস্তবায়ন করা হবে।
২৪ লাখ কর্মরত চাকরিজীবীও পাচ্ছেন নতুন সুবিধা
মন্ত্রিসভার অনুমোদিত জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী, কর্মরত প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারীর মূল বেতনও উল্লেখযোগ্য হারে বাড়ছে। নতুন কাঠামোয় ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার জানিয়েছে, নতুন বেতনস্কেল ও পেনশন সুবিধা বাস্তবায়নে বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে। এই অর্থের সংস্থান সংশ্লিষ্ট অর্থবছরগুলোর মধ্যমেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) আওতায় রাখা হয়েছে।
নতুন দুটি সুবিধা
জাতীয় বেতনস্কেল-২০২৬-এ প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতা চালু করা হয়েছে।
এ ছাড়া, আগে কেবল নির্দিষ্ট কয়েকটি গ্রেডের কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও এখন সব গ্রেডের কর্মচারীদের জন্য মোবাইল ভাতার আওতা সম্প্রসারণ করা হয়েছে।
বছরে বাড়তি ব্যয় ১.০৫ লাখ কোটি টাকা
নতুন বেতনস্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সরকারের দাবি, এই অর্থের সংস্থান সংশ্লিষ্ট অর্থবছরগুলোর মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক (এমটিবিএফ) অনুযায়ী করা হবে।
অর্থ বিভাগ জানিয়েছে, বেতন নির্ধারণ, ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রজ্ঞাপন ও নির্দেশনা শিগগিরই জারি করা হবে।