খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ
সংগৃহীত ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২-এর খিলগাঁও তিলপাপাড়া আঞ্চলিক কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ বুধবার সকাল ১০টায় পরিদর্শনে গিয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। পরিদর্শনের শুরুতেই কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়, যাতে পরে এসে কোনো কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে না পারেন।
এরপর প্রশাসক বিভিন্ন কক্ষ ঘুরে দেখার পাশাপাশি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করেন। অনুপস্থিতদের হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন তিনি। পরে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া এবং বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক।
এসময় নাগরিক সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে তদারকি এবং সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকারও নির্দেশনা দেন তিনি।