ঝালকাঠিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ছবি।
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। দুপুর পৌনে ১২টার দিকে দিকে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিন খান বলেন, ‘মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়েছে। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন।’
কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, ‘বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।