মীরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের মীরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার জোরারগঞ্জ চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবরাজ বণিক জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর দেওয়ানপুর বণিকপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনেরা জানান, দোকান বন্ধ করে বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দেবরাজ। চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবোঝাই পিকআপ ভ্যান তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দেবরাজ ও তাঁর বাবা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবরাজকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবা আশিষ বণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন স্বজনেরা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে যায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।