যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে সৌদি আরব
ফাইল ছবি
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের তুলনায় এ প্রবাহ বেড়েছে ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী নুরুল হক এ তথ্য জানান। এর আগে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী এ বিষয়ে জানতে চান।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে একক দেশ হিসেবে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ওই অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশে এসেছিল ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার। তবে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে। ফলে শীর্ষ অবস্থান হারিয়ে দেশটি নেমে গেছে তালিকার পঞ্চম স্থানে।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার।
সংসদে দেওয়া তথ্যে দেখা যায়, সামগ্রিকভাবে গত অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে দেশভেদে প্রবাসী আয় আসার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হয়েছে। বিশেষ করে সৌদি আরব থেকে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় দেশটি আবারও একক উৎস হিসেবে শীর্ষে উঠে এসেছে।