রেসিপি : সুস্বাদু তালের পাটিসাপটা

রেসিপি : সুস্বাদু তালের পাটিসাপটা

ছবিঃ সংগৃহীত।

বর্ষা শেষে বাজারে উঠতে শুরু করে পাকা তাল। তাল দিয়ে তালের বড়া থেকে শুরু করে নানা রকম মিষ্টি তৈরি হলেও তালের পাটিসাপটা হতে পারে একটু অন্যরকম আয়োজন।নরম পাটিসাপটার সঙ্গে তালের হালকা মিষ্টি স্বাদ আর নারিকেলের পুর সব মিলিয়ে তৈরি হয় দারুণ সুস্বাদু একটি পিঠা। বাড়িতে সহজেই কীভাবে তালের পাটিসাপটা বানাবেন, রইলো পুরো রেসিপি।

উপকরণ

পাটিসাপটার জন্য

পাকা তাল ১ কাপ

চালের গুঁড়া ১ কাপ

ময়দা আধা কাপ

সুজি ২ টেবিল চামচ

দুধ ১ কাপ

পানি প্রয়োজনমতো

লবণ সামান্য

তেল বা ঘি প্রয়োজনমতো

পুর তৈরির জন্য

কোরানো নারিকেল ১ কাপ

খেজুরের গুড় আধা কাপ

এলাচ গুঁড়া আধা চা চামচ

দুধ ২-৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

পুর তৈরি করুন

প্রমমে একটি প্যানে কোরানো নারিকেল ও খেজুরের গুড় দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। গুড় গলে নারিকেলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে সামান্য দুধ দিন। এরপর এলাচ গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। পুরটি যখন আঠালো হয়ে আসবে, তখন চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। এখানে চাইলে পুরটাও আপনি তালের তৈরি করতে পারেন। সেক্ষেত্রে গুড়-নারিকেলের সঙ্গে তাল মিশিয়ে রান্না করে নিলেই হবে।

পাটিসাপটার ব্যাটার তৈরি

একটি বড় বাটিতে চালের গুঁড়া, ময়দা ও সুজি একসঙ্গে মিশিয়ে নিন। এবার ছেঁকে রাখা তালের শাঁস এবং দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন।

ব্যাটার খুব ঘন হলে পাটিসাপটা পাতলা হবে না, আবার অতিরিক্ত পাতলা হলে সহজে গুটিয়ে নেওয়া কঠিন হতে পারে। তাই ব্যাটারটি এমন রাখুন, যাতে তাওয়ায় ঢাললে সহজেই ছড়িয়ে দেওয়া যায়। তৈরি ব্যাটার ১৫-২০ মিনিট ঢেকে রেখে দিন।

এবার পাটিসাপটা বানান

ননস্টিক বা সমতল তাওয়া মাঝারি আঁচে গরম করে সামান্য তেল বা ঘি মাখিয়ে নিন। এক হাতা ব্যাটার তাওয়ার মাঝখানে ঢেলে দ্রুত গোল করে পাতলা করে ছড়িয়ে দিন। পাটিসাপটার ওপরের অংশ যখন শুকিয়ে আসবে এবং নিচের অংশ হালকা সেঁকা হবে, তখন মাঝ বরাবর এক চামচ নারকেলের পুর দিন। এরপর দুই পাশ ভাঁজ করে রোল করে নিন।

এভাবে বাকি ব্যাটার ও পুর দিয়ে একে একে সব পাটিসাপটা তৈরি করুন। তালের পাটিসাপটা গরম গরম পরিবেশন করলে স্বাদ সবচেয়ে ভালো লাগে। চাইলে ওপর থেকে সামান্য খেজুরের গুড় ছড়িয়ে দিতে পারেন। দুধের সঙ্গে কিংবা বিকেলের নাশতা হিসেবে এই পিঠা বেশ জমে যাবে।

টিপস

তালের শাঁস অবশ্যই ভালোভাবে ছেঁকে নিতে হবে। এতে আঁশ পিঠার মধ্যে থাকবে না এবং ব্যাটারও মসৃণ হবে। ব্যাটারে তাল বেশি দিলে পাটিসাপটা ভেঙে যেতে পারে, তাই প্রথমবার বানানোর সময় পরিমাণের দিকে খেয়াল রাখুন।