কুড়িগ্রামে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের রাজারহাটে দুধখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন যুগপূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও প্রধান শিক্ষক সাহিদুল ইসলামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় মাঠ মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত বিদায়ী প্রধান শিক্ষক সাহিদুল ইসলামকে সম্মাননা স্মারক ও একটি পালসার মোটর সাইকেলসহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেছে শিক্ষার্থীরা।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটি ও আয়োজক কমিটির অন্যতম মোস্তাফিজার রহমান মন্ডল সাথী বলেন, স্যার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তার নিরলস প্রচেষ্টা এবং দক্ষ নেতৃত্বে রাজারহাট উপজেলায় বিদ্যালয়টি মডেল হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৯৫ সাল থেকে শুরু পালাক্রমে অনেক কৃতি শিক্ষার্থী সাধারণ ও ট্যালেন্ট বৃত্তি পায়। উনার অবসরে আমরা শোকাহত, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে স্যারকে বিদায় জানাচ্ছি। তিনি যেনো অবসরোত্তর জীবনে সুস্থ সুন্দর ও দীর্ঘজীবি হন এবং বাকি জীবন অনাবিল আনন্দে কাটাতে পারে আমরা এই প্রার্থনা করি।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃদয় কৃঞ্চ বর্মন, সাবেক ছাত্র আবুল কালাম আজাদ, ও ফারুক হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান,দুধখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র ডাক্তার মো. আব্দুস ছালামসহ অনেকে বক্তব্য রাখেন।