আমরা সবাই বাংলাদেশি, নিজেদের খাটো করা যাবে না: এ্যানি

আমরা সবাই বাংলাদেশি, নিজেদের খাটো করা যাবে না: এ্যানি

সংগৃহীত ছবি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‌‌‍আমরা সবাই বাংলাদেশি। ‘সংখ্যালঘু’ বলতে কোনো ধারা, কোনো কথা, কোনো শব্দ আমরা ব্যবহার করে নিজেদের খাটো করব না। তাতে জাতি খাটো হবে। 

শুক্রবার বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ্মীপুরে শ্যাম সুন্দর জিউর আখড়ায় আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ফিতা কেটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন তিনি। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ্যানি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমরা যারা মুসলমান ধর্মের আছি— আমরা সবাই বাংলাদেশি। ‌‌‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন- আমরা বাংলাদেশি এবং বাংলাদেশ প্রথম।’ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য এই আহ্বানটুকু খুব বেশি প্রয়োজন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া ও বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।