খুলনায় হোটেল টাইগার গার্ডেনে আগুন

খুলনায় হোটেল টাইগার গার্ডেনে আগুন

ছবিঃ সংগৃহীত।

খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের ৫ তলার দক্ষিণ পাশের একটি কক্ষে আগুন ও ধোয়ার কুন্ডলি দেখতে পান। সাথে সাথে তারা সোনাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একসাথে কাজ করে পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোনাডাঙ্গা থানা পুলিশের এসআই আমজাদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থালে ছুটে আসি। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে যুক্ত থেকে আগুন নেভানোর কাজ করতে থাকি। তবে কারো কোনো ক্ষতি হয়নি। হোটেলের ৫তলার দক্ষিণ পাশের ওই কক্ষে যিনি ভাড়া নিয়েছিলেন তার ব্যাগটি আগুনে পুড়ে যায়। এছাড়া আর কোনো ধরনের ক্ষতি হয়নি।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, আমরা ৯টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। নগরীর বয়রার ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। হোটেল কক্ষের এসির ইনডোর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহাতের ঘটনা ঘটেনি।