পাঁচদিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পাঁচদিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ফাইল ছবি

টানা পাঁচদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে স্থলবন্দরের শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে, কর্মচঞ্চলতা বেড়েছে বন্দরজুড়ে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, ভারত অভ্যন্তরে ব্যাবসায়িক জটিলতা থাকায় গত ৩১ আগস্ট থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন সে দেশের রপ্তানিকারকরা। সমস্যার সমাধান আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, টানা পাঁচদিন বন্ধের পর আবারও বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। আমদানিকারকরা দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বেশি বেশি পণ্য আমদানি করছেন।

আমদানি অব্যাহত থাকলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলেও মন্তব্য তার।