উজানে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে কয়েকটি নদ-নদীর পানি

উজানে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে কয়েকটি নদ-নদীর পানি

সংগৃহীত ছবি

উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে আগামী কয়েক দিনে দেশের কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং এসব অঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপরের দুই দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানিও বেড়েছে। তবে পদ্মার পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিনে গঙ্গা ও পদ্মা নদীর পানি বাড়তে পারে। তবে এ সময় পানি বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে দুধকুমার নদীর পানি কমেছে। আগামী তিন দিনে এসব নদ-নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন এ দুই নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে পানি আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের কোনো প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তবে উজানে সম্ভাব্য ভারী বৃষ্টি এবং কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধির পূর্বাভাসের কারণে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে