অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে: ত্রাণমন্ত্রী
সংগৃহীত ছবি
রংপুরে চার হত্যাকাণ্ডের ঘটনাকে জেলার ইতিহাসের বড় হত্যাকাণ্ডগুলোর একটি হিসেবে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা জরুরি। আমরা আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করতে পারব।
শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছয়তলা বার্ন ইউনিটের সার্ভিস ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকাণ্ডের ঘটনা। বর্তমানে এর রহস্য উন্মোচন আলোচনায় রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরি। এ জন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন আসাদুল হাবীব দুলু। তিনি বলেন, হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি তিনবার মেডিকেলে এসেছেন এবং নিয়মিত সভা করছেন। আগের সভার সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়িত হয়েছে, কতটুকু হয়নি এবং না হওয়ার কারণ কী, সেগুলো খতিয়ে দেখা হবে।
মন্ত্রী বলেন, এনেস্থেশিওলজিস্টের অভাবে হাসপাতালে নতুন আইসিইউ শয্যা চালু করা সম্ভব হয়নি। ইতিমধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে নতুন আইসিইউ শয্যা চালু করা সম্ভব হবে।
স্বাস্থ্য খাতের জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে অনিয়ম-দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতসহ প্রতিটি খাত ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছেছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সারা দেশে স্বাস্থ্য খাতে জনবল সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ দেওয়া হলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা।
এর আগে হাসপাতাল চত্বরে যাওয়ার আগে রংপুর নগরের গুপ্তপাড়ায় পিএসসির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।