গাইবান্ধার চরাঞ্চলে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু
সংগৃহীত ছবি
গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেছে এসকেএস ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে পর্যায়ক্রমে প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হবে বলে জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাঘাটায় ভরতখালীর এসকেএস রিসোর্স সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ। অনুষ্ঠানে প্রথম ধাপে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের কাছে ছয় লাখ ৭২ হাজার টাকার ওষুধ হস্তান্তর করা হয়।
এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটনের সভাপতিত্বে ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়কারী আশরাফুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর। উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রুহুল আমিন, সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন ও ফুলছড়ি উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দসহ অন্যরা।
বক্তারা বলেন, চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে। বক্তারা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্থানীয় পর্যায়ে আরও বেশি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আয়োজকরা জানান, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সাধারণ মানুষের চিকিৎসার দুশ্চিন্তা কমাতে এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে এই কার্যক্রম চলমান থাকবে।