ঢাবির হলের পুকুরে ছাত্রদলের উদ্যোগে ১ হাজার মৎস্য পোনা অবমুক্ত

ঢাবির হলের পুকুরে ছাত্রদলের উদ্যোগে ১ হাজার মৎস্য পোনা অবমুক্ত

সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে এক হাজার মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট নুরুল আমিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

আয়োজকেরা জানান, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের জলাশয়গুলোকে জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের কাজে ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলাও এর অন্যতম উদ্দেশ্য।

কর্মসূচিতে ছাত্রদল নেতা ফারহান আরিফ বলেন, “আমরা মনে করি, এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের জলজ সম্পদ সংরক্ষণ, দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা তৈরি হবে। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনেরও গুরুত্বপূর্ণ জায়গা। তাই শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই।”

তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে এসব বিষয়ে আমাদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই সংকটাপন্ন সময়ে তার দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের প্রাণ ও প্রকৃতির ভারসাম্য সুরক্ষিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি বলেন, “দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এর সঙ্গে সমাজের প্রতিটি নাগরিকের সম্পৃক্ততা প্রয়োজন। তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে এ বিষয়ে আরো কার্যকর পরিবর্তন আনা সম্ভব।”

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক নুরুল আমিন বলেন, “পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে এলে তা ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে।”

তিনি আরো বলেন, “হলের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করার মাধ্যমে একদিকে যেমন জলজ সম্পদ বৃদ্ধি পাবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরি হবে। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে অন্যান্য সংগঠন ও শিক্ষার্থীদেরও পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করবে বলে আমি আশাবাদী।”

কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, সদস্যসচিব শাহরিয়ার লিওন, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, জসিমউদ্দীন হল ছাত্রদলের সদস্য মো. হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য রবিউল ইসলাম রিপনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, আইএইচটি ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ, জনকল্যাণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা প্রয়োজন। এর মাধ্যমে রাজনৈতিক সংগঠনগুলোর সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও আরো দৃশ্যমান হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের জলজ সম্পদের গুরুত্বপূর্ণ অংশ মৎস্যসম্পদ। মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতি ও কর্মসংস্থানেও মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলাশয় সংরক্ষণ ও দেশীয় মাছের প্রজনন বাড়াতে নিয়মিত মৎস্য পোনা অবমুক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের জলাশয়েও এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতন করতে ভূমিকা রাখতে পারে।