জাপানে সন্দেহভাজন অগ্নিসংযোগে নিহত ৩

জাপানে সন্দেহভাজন অগ্নিসংযোগে নিহত ৩

ছবিঃ সংগৃহীত।

জাপানে সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।স্থানীয় পুলিশ ঘটনাটিকে হত্যা ও অগ্নিসংযোগের সন্দেহভাজন মামলা হিসেবে তদন্ত করছে।

রবিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, শনিবার রাতে মধ্য জাপানের গিফু প্রিফেকচারের একটি কেকের দোকানে আগুন লাগার পর ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার সময় দোকানটি বন্ধ ছিল। দোতলা ভবনটির নিচতলায় দোকান এবং ওপরের অংশে আবাসিক ব্যবস্থা ছিল। নিহতদের মধ্যে দোকানের ৬৬ বছর বয়সী মালিক এক নারী এবং দুজন পুরুষ রয়েছেন।

পুলিশের তথ্যমতে, ওই নারী ভবনে তার ১০ জন পরিচিতজনকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

অনুষ্ঠানের সময়ই আগুনের সূত্রপাত হয়। তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যেই একজন হতে পারেন।

ঘটনার পর পুলিশ অগ্নিকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।