মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় স্কুলে যাওয়াকে কেন্দ্র করে মায়ের সাথে অভিমান করে জান্নাত আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি বয়ড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।
নিহত জান্নাত আক্তার কর্মকারকান্দি বয়ড়া এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে। সে স্থানীয় আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, রোববার সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য জান্নাতকে তার মা ডাকেন। তবে স্কুলে যেতে অনিচ্ছা প্রকাশ করে জান্নাত। এ নিয়ে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মা বাড়ি থেকে বেরিয়ে যান। পরে বাড়িতে ফিরে তিনি জান্নাতকে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।