মুন্সীগঞ্জে ১৪০ বোতল এস্কাফসহ দুইজন গ্রেফতার
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার উত্তর মন্ডলপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে রুবেল (২৮) এবং মহেশপুর উপজেলার যাদবপুর বিওপি ক্যাম্পপাড়া এলাকার মো. রফিক বিশ্বাসের ছেলে মো. রিপন আলী (৩৮)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বল্লালবাড়ি এলাকার সিরাজের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৪০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে ‘Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup’ লেখা ছিল। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।