নারিকেল গাছ থেকে পড়লেন বিদ্যুতের তারে, প্রাণ গেল শ্রমিকের

নারিকেল গাছ থেকে পড়লেন বিদ্যুতের তারে, প্রাণ গেল শ্রমিকের

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে নারিকেল গাছ থেকে পড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (২৬) নামে কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুইকারা গ্রামে জগবাবুর মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইমন হোসেন উপজেলার রাজঘাট জাফরপুর গ্রামের মৃত তবিবুর রহমানের ছেলে। তিনি জগবাবুর মোড়সংলগ্ন একটি ঢালাই পিলার তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির কারণে রবিবার কারখানাটি বন্ধ ছিল। বন্ধের দিন বিকেলে নিজ দায়িত্বে কারখানার পাশের একটি নারিকেল গাছে উঠেন ইমন।

এক পর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ার সময় পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছের নিচে পড়ে ছিলেন। প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফাতেমা খাতুন জানান, ছুটির দিনে কারখানার পাশের একটি নারিকেল গাছ থেকে নিচে পড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার স্বামী ইমনের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১১টার দিকে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।