নতুন ভাড়ায় বাস চলাচল শুরু, ক্ষোভ যাত্রীদের
ফাইল ছবি-
বাস ও লঞ্চ মালিকদের ভাড়া বাড়ানোর প্রস্তাব মেনে নেওয়ায় আজ সকাল থেকে নতুন ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় পর বাস চলায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি নেমে এলেও ভাড়া নিয়ে রয়েছে অসন্তোষ। যাত্রীদের অভিযোগ বাসে নতুন যে ভাড়া নেওয়া হচ্ছে তা অযৌক্তিক।
সোমবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, বাংলামোটর, গাবতলী, কল্যাণপুর, ধানমন্ডি ও মহাখালী এলাকা ঘুরে দেখা যায়, নগর পরিবহনের বিভিন্ন কোম্পানির বাসগুলো সড়কে চলাচল করছে। যাত্রী বিভিন্ন স্টপেজে ভিড় করছেন। সকাল থেকে অনেক দূরপাল্লার বাস রাজধানীতে এসে পৌঁছায়। তারা নতুন নির্ধারিত ভাড়া আদায় করছে।
এদিকে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এবং মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা এবং দূরপাল্লায় বেড়েছে ৩৮ পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৪২ পয়সার স্থলে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া যথাক্রমে ১ টাকা ৭০ পয়সার স্থলে ২ টাকা ১৫ পয়সা ও ১ টাকা ৬০ পয়সার স্থলে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৭ টাকার স্থলে ১০ টাকা ও ৫ টাকার স্থলে ৮ টাকা করা হয়েছে ৩৫ শতাংশ ভাড়া বেড়েছে লঞ্চে। লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
তবে বাস-লঞ্চের সমাধান মিললেও দাবি পূরণ না হওয়ায়, ধর্মঘট পালন করছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি।