কানাডায় ঢুকতে পারলেন না ডা. মুরাদ

কানাডায় ঢুকতে পারলেন না ডা. মুরাদ

ডা. মুরাদ হাসান

সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসান দেশত্যাগের পর কানাডায় ঢোকার চেষ্টা করলেও ঢুকতে পারেননি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে। উত্তর আমেরিকার দেশটির একটি বাংলা সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এছাড়া কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ডা, মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় শুক্রবার দুপুরে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময়  কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের  জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

জানা গেছে, ডা. মুরাদ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাকে জানানো হয়, তার সেদেশে ঢোকা নিয়ে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছে। তারপর তাকে ফেরত পাঠানো হয়। পরে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তাকে তুলে দেওয়া হয়। মুরাদ গত ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্য তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন।

প্রসঙ্গত, নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ।