সাসেক্সের সাথে চুক্তি করলেন রিজওয়ান

সাসেক্সের সাথে চুক্তি করলেন রিজওয়ান

পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান

২০২২ ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং টি-টোয়েন্টি ব্লাস্ট্রের জন্য সাসেক্সের সাথে চুক্তি করলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আগামী মৌসুমে সাসেক্সের জার্সিতে দেখা যাবে তাকে। এই প্রথম কাউন্টিতে খেলার সুযোগ পেলেন রিজওয়ান।

২০২১ সালটি স্বপ্নের মত কেটেছে রিজওয়ানের। তিন ফরম্যাট মিলিয়ে ১৯১৫ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে এ বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান। ২৬ ইনিংসে ১৩২৬ রান করেছেন এই ব্যাটার। এমন পারফরমেন্সের সুবাদে এবার ইংল্যান্ডের কাউন্টিতে খেলার সুযোগ পেলেন রিজওয়ান। 

সাসেক্সের সাথে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত রিজওয়ান বলেন, ‘আমি গর্ব বোধ  করছি এবং ২০২২ মৌসুমে ঐতিহাসিক সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামতে হতে মুখিয়ে আছি।’ 

সাসেক্সের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘২০২২ মৌসুমের জন্য রিজওয়ানের সাথে চুক্তি করতে পেরে সাসেক্স উচ্ছসিত।’
আগামী এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাসেক্সের হয়ে খেলবেন রিজওয়ান। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ শেষ হবে ২০২২ সালের ৫ এপ্রিল। এরপরই কাউন্টি খেলতে ইংল্যান্ড উড়াল দিবে রিজওয়ান। 

রিজওয়ানের আগে পাকিস্তান থেকে ২০২২ সালের কাউন্টিতে খেলতে নাম লিখিয়েছেন শান মাসুদ, জাফর গোহার ও শাহিন শাহ আফ্রিদি। ডার্বিশায়ারে মাসুদ, গ্লুুস্টারশায়ারে গোহার ও মিডলসেক্সের হয়ে খেলবেন আফ্রিদি।
এদিকে, আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খানকেও দলে ভিড়িয়েছে সাসেক্স। 

সূত্র: বাসস