রাজধানীতে ২৫ হাজার ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
প্রতীকী ছবি
রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ নুর কায়েস ওরফে সাদিয়া, কদভানু ওরফে ফাতেমা ও নুর নাহার নামের তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
সোমবার (২০ ডিসেম্বর) গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, গাবতলী এলাকার বাগবাড়ি চারআনী পাড়ার আইচার মটর্সের সামনের তিনজন মাদককারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে ২৫ হাজার পিস ইয়াবা, একটি স্কুলব্যাগ ও কালো স্কচটেপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় বিক্রি করতো।
দারুসসালাম থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।