ইবিতে কর্মচারীদের বাইক শোডাউনে বিঘ্নিত ক্লাস-পরীক্ষা

ইবিতে কর্মচারীদের বাইক শোডাউনে বিঘ্নিত ক্লাস-পরীক্ষা

ইবিতে কর্মচারীদের বাইক শোডাউনে বিঘ্নিত ক্লাস-পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহায়ক কর্মচারী সমিতির নির্বাচন আগামীকাল বুধবার (২২ ডিসেম্বর)। নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার শেষ মুহূর্তের প্রচারণা চালান তারা। এর অংশ হিসেবে ক্যাম্পাসে বাইক নিয়ে শোডাউন দিতে থাকে একটি প্যানেলের কর্মচারীরা। এসময় হর্নের উচ্চ আওয়াজে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষায় বিঘ্ন ঘটে বলে ভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, নির্বাচনে লিংকন-ফরিদ প্যানেলর প্রার্থীরা মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে অন্তত ১৫টি বাইক নিয়ে শোডাউন বের করেন। এসময় বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা চলছিল এবং দুইটায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া বাসের জন্য শিক্ষক-শিক্ষার্থীরা অপেক্ষা করছিলেন। ফলে শোডাউনের উচ্চ শব্দে তাদের মাঝে ভীতি ছড়িয়ে পড়ে। এ নিয়ে তারা বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আইন বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম বলেন, আমরা ক্লাস চলছিল। তখন বাইকের হর্নের শব্দেস্যারের কথা শুনতে পাচ্ছিলাম না। স্যারও খুব বিরক্ত বোধ করে কিছুক্ষণ চুপ থাকেন।’

শারমিন খাতুন নামের নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বাসের জন্য ডায়না চত্ত্বরে অপেক্ষা করছিলাম। হঠাৎ উচ্চ হর্নের আওয়াজে ভয় পেয়ে গিয়েছিলাম। আওয়াজ এত বেশী ছিল যে কানে আঙ্গুল দিয়েও স্বাভাবিক থাকা যাচ্ছিল না।’

এ বিষয়ে সভাপতি প্রার্থী আব্রাহাম লিংকন বলেন, ‘আমরা ভেবেছিলাম ক্লাস শেষ হয়ে গেছে। বিষয়টি ভাবা দরকার ছিল। পরবর্তীতে বিষয়গুলো খেয়াল রাখবো।’

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি বিষয়টি জানতাম না। তাৎক্ষণিক জানতে পারলে থামাতাম। তবুও আমি বিষয়টি নিয়ে খোঁজ নেব এবং কেন এটা করেছে জানতে চাইব।’