যুক্তরাষ্ট্রে একদিনে ১০ লাখ ছাড়ালো করোনা শনাক্ত
যুক্তরাষ্ট্রে একদিনে ১০ লাখ ছাড়ালো করোনা শনাক্ত
একদিনে ১০ লাখের বেশি মানুষের কোভিড শনাক্ত হলো যুক্তরাষ্ট্রে। পাশাপাশি দেশটিতে বজ্রের গতিতে ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। সব মিলিয়ে কোভিড পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে সেখানে। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ১০ লাখ ৮২ হাজার ৫৪৯ জনের কোভিড শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে মহামারির প্রথম থেকে এ পর্যন্ত দেশটিতে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ কোটি ৬১ লাখ ৯০ হাজারে। এরমধ্যে মারা গেছেন ৮ লাখ ২৮ হাজার জন।
সিএনবিসি’র খবরে জানানো হয়েছে, ধারণা করা হচ্ছে গত সপ্তাহে ছুটির কারণে দেরি হওয়া রিপোর্টের ফল যুক্ত হওয়ায় হঠাত করেই ১০ লাখ ছাড়িয়েছে সংক্রমণ। তারপরেও গত ৭ দিনের হিসাবে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৪ লাখ ৮০ হাজার ২৭৩ জনের কোভিড শনাক্ত হয়েছে।
এটিই মহামারি শুরু হওয়ার পর দেশটিতে ৭ দিনের সর্বোচ্চ গড়। বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। গত এক সপ্তাহে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৯৮ হাজার মার্কিনি। এই সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৩২ শতাংশ বেশি। গত সেপ্টেম্বর মাসে যখন ডেল্টা ভ্যারিয়েন্টের পিক চলছিল তখন এই সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার।
ফলে দ্রুতই হাসপাতালে ভর্তির সংখ্যা সবথেকে খারাপ অবস্থায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ৩ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে কোভিডের কারণে প্রতিদিন গড়ে ১২০০ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুর হার পূর্বের তুলনায় বেশ কম রয়েছে। গত বছর একই সময়ে প্রতিদিন ৩ হাজার জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল।