এমসিজিতে হবে ওয়ার্নের শেষকৃত্য
এমসিজিতে হবে ওয়ার্নের শেষকৃত্য
সদ্য পরলোকগত ক্রিকেটের স্পিন জাদুকর শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। অন্তত এক লাখ মানুষের সামনে অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হলেও মেলবোর্নে শেষকৃত্য হবে তা এখনো নিশ্চিত করেননি ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরসকাইন। তবে এটিও জানিয়েছেন তিনি, ওয়ার্নের মতো কিংবদন্তি ক্রিকেটারের শেষকৃত্যর জন্য মেলবোর্নই সঠিক স্থান।
ওয়ার্নের আত্মার শান্তি কামনায় শেষকৃত্যের এই পাবলিক মেমোরিয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার পুরো পরিবার। অস্ট্রেলিয়ান রুলস ফুটবল শুরু হয়েছে। তাই ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে শেষকৃত্য আয়োজন করা হবে।
১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন ওয়ার্ন। জন্মস্থান মেলবোর্ন জুড়ে সব স্মৃতি ওয়ার্নের। ঘরোয়া ক্রিকেটে মেলবোর্নের রাজ্যদল ভিক্টোরিয়ার হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। ২০০৬ সালে বক্সিং ডে টেস্টে মেলবোর্ন মাঠেই প্রথম বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেট শিকার করেন ওয়ার্ন। ১৯৯৪ সালে এমসিজিতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন ওয়ার্ন।