ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ: পুলিশের গুলিতে শিক্ষার্থী ‘আশঙ্কাজনক’

ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ: পুলিশের গুলিতে শিক্ষার্থী ‘আশঙ্কাজনক’

আহত শিক্ষার্থী

সোমবার গভীর রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’।

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতরা হলেন- মোশাররফ হাজারি (২৪) ও রজব ইসলাম (২৭)।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, পুলিশ আমাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মোশাররফ হোসেন বুলেটবিদ্ধ হন। অন্যদিকে, পুলিশের ছোড়া টিয়ার শেল রজবের বুকে লাগে।

আহতদের মধ্যে মোশাররফের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে অর্ধশতাধিক রাবার বুলেটের চিহ্ন রয়েছে। তাকে আইসিইউতে নিতে বলেছেন চিকিৎসক— বলেন ওই শিক্ষার্থী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুই পক্ষকে শান্ত করতে পুলিশ কাজ করছে।