ধর্মঘটে অচল শ্রীলঙ্কা

ধর্মঘটে অচল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগের দাবিতে ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে গোটা শ্রীলঙ্কা। ধর্মঘটের কারণে আজ শুক্রবার দেশটির হাজার হাজার দোকান, স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। বন্ধ হয়ে যায় বাস ও ট্রেন।  ব্যাপক মুদ্রাস্ফীতি ও আমদানি করা খাদ্য, জ্বালানি ও ‍ওষুধ–সংকটের কারণে শ্রীলঙ্কায় এক মাসের বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন সংকটের মুখে আগে কখনো পড়েনি শ্রীলঙ্কা। জনগণ এই সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে।

এপ্রিলের শুরু থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিরোধীদের দাবি, রাজাপক্ষে জনগণের আস্থা হারিয়েছেন। তবে তা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট। পরে প্রেসিডেন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে ১৭ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিপরিষদ নিয়োগ দেন। নতুন মন্ত্রিসভায়ও বড় ভাই মাহিন্দা রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন তিনি। আন্দোলনকারীরা চান মাহিন্দা ও গোতাবায়া দুজনই পদত্যাগ করুক।