পুলিশি নির্যাতনে পরিবহণ শ্রমিকের মৃত্যুর অভিযোগ
ছবি: সংগৃহীত
মাগুরায় শ্রীপুর উপজেলার নাকোল ফাঁড়িতে পুলিশের নির্যাতনে আবদুস সালাম (৪৫) নামে ওয়াপদা টিকেট কাউন্টারের এক কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৬ জুলাই) বিকালে ওয়াপদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুস সালাম জেলার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের আছির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের রাশেদ নামে এক ব্যক্তি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা বাসস্ট্যান্ডে যায়। এ সময় কে.লাইন টিকেট কাউন্টারে কর্মচারী আবদুস সালামের সঙ্গে ওই যাত্রীর বসচা হয়। তাদের কাছ থেকে টিকেট ক্রয় না করায় আবদুস সালাম ও মামুন নামে কয়েকজনে রাশেদ নামের ওই যাত্রীকে মারধর করে।
এ ঘটনার পর হয়রানির শিকার ওই যাত্রী পুলিশের ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাইলে নাকোল ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল ঘটনাস্থলে পৌঁছে কাউন্টারের কর্মচারী আবদুস সালামকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে সে অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।