গোপালগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

ফাইল ছবি

গোপালগঞ্জে মনোয়ারা বেগম হত্যা মামলায় কামরুল শেখকে (৬০) যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ  টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ মামলার অপর তিন আসামীকে খালাস দেয়া হয়েছে।

 রোববার দুপুরে গোপালগঞ্জর অতিরিক্ত জেলা ও দায়রা জজ  মো: আব্বাস উদ্দীন এ রায় দেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী কামরুল শেখ মুকসুদপুর উপজেলার বামনবড়ুয়া গ্রামের মো: তৈয়ব শেখের ছেলে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিলেন।

খালাস প্রাপ্তরা হলেন, একই গ্রামের মৃত আনার উদ্দিন শেখের ছেলে মো: তৈয়ব শেখ, তার স্ত্রী হেমেলা বেগম ও  মেয়ে তাহমিনা আক্তার সীমা। 
মামলার বিবরণে জানাগেছে, ২০০৫ সালের ১২ আগস্ট  সন্ধ্যায় পরিবারিক কলহের জের ধরে কামরুল শেখ ও তার লোকজন মনোয়ারা বেগমকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে জোসনা আক্তার বাদী হয়ে পরের দিন মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
দীর্ঘ তদন্ত শেষে মুকসুদপুর থানার এসআই মোবারক হোসেন ২০১২ সালের ২৫ আগস্ট আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।  দীর্ঘ শুনানী শেষে বিচারক   কামরুল শেখকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন। এ মামলার অপর তিন আসামীকে খালাস দেন আদালত। 

মামলাটি বাদী পক্ষে পরিচালনা করেন এ্যাডভোকেট মো: শহীদুজ্জামান খান ও আসামী পক্ষে ছিলেন  এ্যাডভোকেট ফজলুল হক খান।

সূত্র: বাসস