গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ : আরো একজনের মৃত্যু

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ : আরো একজনের মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মোঃ সিরাজুল ইসলাম টুটুল (২৮) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

টুটুল ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত সাইদুল ইসলামের ছেলে। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় দগ্ধ মোঃ আনোয়ার (৩০) এখনো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।