যশোর শিক্ষাবোর্ডে ১ লাখ ৭০৯ জন পরীক্ষার্থী, এর মধ্যে ৬৫ জন প্রতিবন্ধী

যশোর শিক্ষাবোর্ডে ১ লাখ ৭০৯ জন পরীক্ষার্থী, এর মধ্যে ৬৫ জন প্রতিবন্ধী

ফাইল ছবি

যশোর প্রতিনিধি: সারাদেশের সাথে একযোগে যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।

আজ বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে পরীক্ষায় শুরু হলো। করোনা সংক্রমণ ও বন্যার কারণে প্রায় সাত মাস পর এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকালে যশোর এম এম বিশ^বিদ্যালয় কলেজ পরিদর্শন করেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা খাতুন ।

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব জানান, চলতি বছর যশোর বোর্ডে অধীন ১০ জেলার ৫৭৩টি কলেজ থেকে মোট ১ লাখ ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৫১ হাজার ৪০৮জন ও মেয়ে পরীক্ষার্থী ৪৯ হাজার ৩০১ জন। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ১৮ হাজার ১৬জন, মানবিক বিভাগের ৬৯ হাজার ৫৬৪জন ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ১৩ হাজার ১২৯জন। ২২৮টি কেন্দ্রে তাদের পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো জানান, বোর্ড কর্তৃপক্ষ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং পরীক্ষা কেন্দ্রগুলো নকলমুক্ত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া এ বোর্ডের অধীনে এবারে প্রায় ৬৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহন করছে। ১০ জন লিখতে অপারগ,এজন্য তাদেরকে সহযোগী শ্রুতি লেখক দেয়া হয়েছে। বাকী ৫৫ জনকে তাদের প্রয়োজন অনুযায়ী সুযোগ দেয়া হচ্ছে। এরা সবাই ২০ মিনিট অতিরিক্ত সময় পাবে।

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছে, নির্ধারিত সময়ের প্রায় ৭মাস পর পরীক্ষা হওয়ায় তাদের প্রস্তুতি বেশ ভালো। তারা সকলেই ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী।