মতলবে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত
ফাইল ছবি
চাঁদপুরের মতলব উত্তরে অটোবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ভাটি রসুলপুর সংলগ্ন বেড়িবাঁধ সড়কে অটোবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামের রোস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২০) ও একই বাড়ির (আপন চাচাতো ভাই) মহসিনের ছেলে সালাউদ্দিন (২১)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে ওই এলাকায় অটো বাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ওই দুই ভাই নিহত হয়েছেন। তবে অটো বাইক চালকের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনাটি নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশের উপ-পরিদশক (এসআই) খোকন জানান, তিনি সরজমিন তদন্ত করছেন।