ভিয়ারিয়ালের কাছে হারের কারণ জানালেন রিয়াল কোচ
ফাইল ছবি
কোপা দেল রের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা রিয়াল মাদ্রিদ এবার ঘরের মাঠে মুদ্রার উল্টো পিঠ দেখল। গতরাতে লা লিগার খেলায় সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল। এই হারে গত বছরের মার্চে বার্সার কাছে হারের পর এই প্রথম বার্নাব্যুতে লা লিগার ম্যাচ হারল রিয়াল মাদ্রিদ।
গতরাতের খেলায় ঘরের মাঠে দুই বার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালের। আগের ম্যাচে বার্সেলোনার মাঠে ৪-০ গোলে জয় নিয়ে কোপা দেল রের ফাইনালে ওঠা রিয়াল কোচ সেই ম্যাচের ধকল ভিয়ারিয়াল ম্যাচে পড়েছে বলে মনে করছেন।
ম্যাচ শেষে তাই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘তুলনামূলক বেশি দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝে আরেকটি ম্যাচের জন্য দলকে তৈরি করা বেশ কঠিন। একাদশে অনেকগুলো পরিবর্তন এনেছিলাম। বার্সেলোনার ম্যাচটি শারীরিক ও মানসিকভাবে অনেক কিছু নিয়েছে আমাদের থেকে।’
উল্লেখ্য, ভিয়ারিয়ালের বিপক্ষে এই হারে লিগ শিরোপা দৌড়ে প্রায় ছিটকে গেল লস ব্লাঙ্কোসরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে বর্তমানে দলটির ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১২তে। ২৭ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৭১। আর এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্ট ৫৯।
ম্যাচের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল রিয়ালের। ষোড়শ মিনিটে পাউ তোরেসের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। এরপর ৩৯তম মিনিটে খেলায় সমতা ফেরান ভিয়ারিয়ালের নাইজেরিয়ান উইঙ্গার স্যামুয়েল চুকউয়েজে।
বিরতি থেকে ফিরেই দ্বিতীয়ার্ধের শুরুতে কাবায়োসের অ্যাসিস্টে ভিনিসিয়াস জুনিয়রের করা গোলে আবারো এগিয়ে যায় রিয়াল। তবে হোসে লুইস মোরালেসের গোলে আবারও ম্যাচে সমতা ফেরায় ভিয়ারিয়াল। সবশেষ ৮০তম মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন চুকউয়েজে।
তবে খেলার শেষ দিকে পেনাল্টি উপহার পেয়েছিল রিয়াল। তবে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন রেফারি। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় রিয়ালের।