রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
সংগৃহীত
রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন নিলয় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী রুপা (২৬)। তিনি চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৫ জুলাই) রাতের এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শাখাওয়াতকে রাত ১১টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন।আহত তার স্ত্রী রুপা চিকিৎসাধীন।
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুর্চি হাজীর বাড়ির আবু ইউসুফের ছেলে শাখাওয়াত। স্ত্রীকে নিয়ে থাকতেন ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায়। গত এপ্রিল মাসে রুপার সঙ্গে শাখাওয়াতের বিয়ে হয়।
মঙ্গলবার রাতে ধানমণ্ডি থেকে মোটরসাইকেল করে স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন নিলয়। পথে হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক শাখাওয়াতকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কয়েকজন পথচারী। চিকিৎসক পরীক্ষা করার রাত ১১টা ৫ মিনিটে নিলয়কে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী রুপাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।