মনোহরগঞ্জে চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
প্রতীকী ছবি
কুমিল্লার মনোহরগঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ও এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সেনবাগ ও লক্ষ্মীপুর জেলার রামগতির বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আন্তঃজেলা চোরদের গ্রেফতার ও চুরি হওয়া গাড়ি উদ্ধার করে।
গ্রেফতারকৃত চোর দলের সদস্যরা হলেন- নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাতারপাইয়া গ্রামের আবদুল জলিলের ছেলে সুজন (২৩), জয়নগর গ্রামের মৃত বশির আহমদের ছেলে ইসমাইল হোসেন (৩৫), কাজুরিয়া গ্রামের শাহ আলমের ছেলে রিপন মিয়া ড্রাইভার (৩০), ইটবাড়িয়া গ্রামের গাজী আবদুর রবের ছেলে আবদুল কাইয়ুম (৩০), উত্তর শাহপুর গ্রামের মোঃ আবদুর রবের ছেলে জসিম উদ্দিন (৩৮) ও রামগতি উপজেলার পূর্ব চরসিথা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সালেহ উদ্দিন (৩২)।
জানা যায়, গত ২২ জুলাই উপজেলার অটোপার্টসের স্বত্বাধিকারী মো. মানিকের একটি টাফি ট্যাক্টর চুরি হয়। পরে তিনি গত ২৩ জুলাই বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (৫ আগস্ট) নোয়াখালীর সেনবাগ থেকে প্রথমে সুজনকে, পরে সুজনের দেয়া তথ্যমতে চোরাইকৃত টাফি ৩৫ মডেলের ১টি টাফি ট্যাক্টরসহ বাকি চোরদের গ্রেফতার করা হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম গ্রেফতারে বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের ওই ৬ সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।