নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার নামাপাড়া এলাকায় শাহরিয়ার শ্রাবণ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মো. ফারুক হোসেন (৪০) নামের আরেক ব্যক্তি।
গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রাবণকে মৃত ঘোষণা করেন। শ্রাবণ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ধোলাইখাল এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যজন চিকিত্সাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
শ্রাবণের বড় ভাই মো. আদিত্য ইসলাম দিপু বলেন, ‘আমরা পুরনো এসি কেনাবেচা ও মেরামতের কাজ করি। ধোলাইখাল এলাকায় আমাদের দোকান রয়েছে। শনিবার বিকেলে পূর্ব নামাপাড়া এলাকার একটি প্রতিষ্ঠানের পুরনো এসি খুলে তা নামানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারের তারের সঙ্গে এসির পাইপের স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় শ্রাবণ ও ফারুক। সে সময় নিচে দাঁড়িয়ে ছিলাম আমি। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’