ফর্মে ফেরার সমাধান খুঁজছেন লিটন
লিটন কুমার দাস
একটা সময় জাতীয় দলে আস্থার আরেক নাম ছিলেন লিটন কুমার দাস। কিন্তু সাম্প্রতিক সময়ে হুট করেই যেন নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি। ব্যাটের ধার ও তার রানের ক্ষুধা শেষ কয়েকটি সিরিজে চোখে পড়ছে না।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিন ম্যাচ খেলেছিলেন তারকা এই ব্যাটার। তিন ম্যাচে তার ব্যাট থেকে যথাক্রমে আসে ১৬, ১৫ ও শূন্য রান।
এর আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও জ্বলে উঠতে ব্যর্থ হন তিনি।
এমন রান-খরায় চিন্তিত খোদ লিটন নিজেও। যে কারণে নিজের অফ ফর্ম কাটানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন এই ব্যাটার।
বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের এই অধিনায়ক।
লিটন বলেন, ‘আমি চেষ্টা করছি, অনুশীলন করছি, কীভাবে ফাইন্ড আউট করা যায় (সমস্যাগুলো)। আশা করছি শিগগিরই কামব্যাক করতে পারব।’
আত্মবিশ্বাসের অভাবে কি অফফর্মে চলে গেলেন তিনি? এ প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘আত্মবিশ্বাসের বিষয় না। অনুশীলন করছি, দেখা যাক কী করতে পারি।’
ফর্মহীনতায় থাকা লিটনের কাঁধে নিউজিল্যান্ড সিরিজে বাড়তি দায়িত্ব হিসেবে এসে পড়েছে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুভার। তবে এই দায়িত্ব পালনে খুব বেশি শংকিত নন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আধিপত্য ধরে রেখে জয় দিয়েই সিরিজ শুরু করতে চান লিটন।
তিনি বলেন, ‘আমি যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়ত ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে দিন থাকবে সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’