গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার

প্রতীকী ছবি

গাইবান্ধায় মারুফ হাসান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকা হতে মাদক কেনা বেচার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মারুফ হাসান উপজেলার কামারজানি গোঘাট এলাকার দুলু মিয়ার ছেলে এবং কামারজানি ইউনিয়ন শাখা যুবলীগের অহবায়ক।

বুধবার দুপুরে গাইবান্ধা র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একজন মাদক ব্যবসায়ী সদর উপজেলার কামারজানি বাজার এলাকায় নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৬ বোতল বিদেশী মদসহ মারুফ হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মারুফ হাসান সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মারুফ হাসান দীর্ঘদিন মাদক ব্যবসায়ী চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।