টাঙ্গাইলে রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিকী ছবি

টাঙ্গাইলের মিজাপুরে নুরুল ইসলাম নুরুল (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম ওই গ্রামের রবি মিয়ার ছেলে।

শুক্রবার ভোরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।রাত একটার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে খুন করে। এ সময় পাশের বাড়ির লোকজন তার চিৎকারের শব্দ পেলে চোর চোর বলে এলাকাবাসীকে জাগিয়ে তুলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুল ইসলাম নুরুল পার্শ্ববর্তী উফুল্কী গ্রামের গদু মাতাব্বরের মেয়েকে বিয়ে করেন। তার স্ত্রীর বড় ভাই মোতালেব হোসেনের বাদেহালালিয়া গ্রামে বোরো আবাদের একটি প্রজেক্ট রয়েছে। নুরুল ইসলাম রাতে ওই প্রজেক্টের সেচপাম্প চালাতেন। প্রতি রাতের মতো বৃহস্পতিবার রাতেও তিনি বোরো জমিতে পানি দেওয়ার কাজ করছিলেন।

পরে তারা ওই সেচপাম্পের কাছে গিয়ে নুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমরান উদ্দিন জানান, ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।