নতুন পরিচয়ে আসছেন তাহসান
ছবি: সংগৃহীত
অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। সম্প্রতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে হাজির হয়ে ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের একটি গান গেয়ে ব্যাপক আলোচিত হয়েছেন তিনি। এরই মধ্যে আবারো খবরের শিরোনাম উঠে এলেন তিনি।
তবে কোনো সিনেমা কিংবা গান গেয়ে নয়, বরং একটি মার্কিন টিভি শো-এর উপস্থাপক হিসেবে হাজির হতে যাচ্ছেন তাহসান। জানা গেছে, মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’ এর বাংলাদেশি সংস্করণ আসছে। সেটি প্রচার হবে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে! আর এই অনুষ্ঠানটি সঞ্চালনা করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী।
এ বিষয়ে তাহসানের ভাষ্য, ‘বঙ্গ’র প্রযোজনায় বাংলাদেশে ফ্যামিলি ফিউড-এর মত দুর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।’
উত্তেজনাপূর্ণ এই অনুষ্ঠানে দু’টি পরিবারের সদস্যরা অংশ নেন, এবং একশ’ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা, এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বণ্টন করা হয়। প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’ তে অংশ নেয়ার বিশেষ সুযোগ পান।
বাংলাদেশেও অনুষ্ঠানটি একইরকম উত্তেজনা আর বিনোদন উপহার দিতে যাচ্ছে, সেই সাথে দেশি সংস্করণে আরো থাকছে আলাদা কিছু চমক। আগ্রহীরা শিগগির বঙ্গ’র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন।
‘ফ্যামিলি ফিউড’ আয়োজন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গ’র চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, এটি নিঃসন্দেহে আমাদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ। বাংলাদেশে এখনো অনেক যৌথ পরিবার রয়েছে। আমরা তাদেরকে স্মরণীয় অভিজ্ঞতা তৈরির সুযোগ দিতে চাই।