চিংড়ি ঘেরে মিলল ২ জেলের মরদেহ
প্রতিকী ছবি
কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের পাশে চিংড়ি ঘের থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৭ মে) সকাল ১১ টার দিকে খুরুশকুল মনুপাড়া আশ্রয়ন প্রকল্পের পাশে এ মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহতরা হলেন খুরুশকুল মনু পাড়া এলাকার বাসিন্দা জামালের ছেলে আবদুল খালেক (২৫) ও আবু তাহেরের ছেলে মো. ইয়াছিন। তারা দুইজনেই পেশায় মৎস্যজীবী বলে জানিয়েছেন স্বজনরা।
খুরুশকুলের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী জানিয়েছেন, তাদের শরীরে একাধিক বৈদ্যুতিক শর্টের চিহ্ন রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।