এবার হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

এবার হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

ছবিঃ সংগৃহীত।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় রেফায়েল কাউডার্স নামে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। বুধবার উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে ওই ড্রোন হামলা হয়। হামাসের হামলায় ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৪৫ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে ইসরাইলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সার্জেন্ট পদধারী নিহত ওই সেনার নাম রেফায়েল কাউডার্স। যার বয়স আনুমানিক ৩৯ বছর। উত্তর ইসরাইলের শহর হুরফিশের লেবানন সীমান্তে দায়িত্ব পালন করছিলেন রেফায়েল। ড্রোন হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ওই অঞ্চলের একটি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে মারা যান তিনি।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ওই হামলায় এক রিজার্ভ সেনাও গুরুতর আহত হয়েছে। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে গত অক্টোবর থেকে হামলা চালাচ্ছে।