জামালপুরে ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে কিশোর নিখোঁজ
ছবিঃ সংগৃহীত।
জামালপুরের ইসলামপুর উপজেলায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার বিকালে উপজেলার পাটনীপাড়া রেলব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোর মো. মৃদুল মিয়া (১২) ইসলামপুর উপজেলার ব্যাপারীপাড়া এলাকার মো. বাবু মিয়ার ছেলে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকালে মৃদুল মিয়া ইসলামপুর পৌরসভাধীন পাটনীপাড়া এলাকায় ঘুরতে এসে রেলব্রিজ পার হচ্ছিল।
রেলব্রিজের মাঝামাঝি স্থানে থাকা অবস্থায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন এসে মৃদুলকে ধাক্কা দেয়। এতে সে পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও এখন পর্যন্ত মৃদুলের খোঁজ মেলেনি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ কিশোর মৃদুলের সন্ধান এখনো পাওয়া যায়নি। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।