নেত্রকোনায় নিজ গাড়ির নিচে চাপা পড়ে চালক নিহত
প্রতিকী ছবি
নেত্রকোণার কেন্দুয়ায় গাড়িকে সাইড দিতে গিয়ে নিজের টমটম গাড়ির (ইঞ্জিন চালিত) নিচে চাপা পড়ে ইসরাফিল (৫৫) নামের এক চালক মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে সান্দিকোনা বাজার সংলগ্ন সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক ইসরাফিল উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
সান্দিকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ইসরাফিল মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।পরিবারের বরাত দিয়ে কেন্দুয়া থানার উপ পরিদর্শক রোকনোজ্জামান বলেন, ইসরাফিলের টমটম গাড়িটি বিপরীত দিক থেকে আসা লড়ি গাড়িটিকে সাইড দিতে গিয়ে টমটম গাড়িটি উলটে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এ সময় টমটম চালক ইসরাফিল নিজের গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সান্দিকোনা বাজারের ইসরাফিল নামে এক টমটম চালক মারা গেছেন। কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধী রয়েছে।