ইতালিয়ান ঐতিহ্য ভেঙে এবার গুচি আনল ‘মেড ইন চায়না’ জুতা
ছবি : রয়টার্স
ইতালিতে পণ্য তৈরির দীর্ঘদিনের ঐতিহ্য থেকে কিছুটা সরে এসে নতুন জুতা বাজারে এনেছে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচি। নতুন কয়েকটি জুতায় ‘মেড ইন চায়না’ লেখা রয়েছে।
খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি নতুন ক্রেতা আকর্ষণের চেষ্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গুচির নতুন ‘ড্রিপ’ মডেলের জুতায় ‘মেড ইন চায়না’ লেখা রয়েছে। প্যারিসের একটি গুচি দোকানেও একই মডেলের জুতা এই পরিচয় নিয়ে প্রদর্শিত হতে দেখা গেছে।
গুচি জানিয়েছে, ইতালি তাদের উৎপাদন ব্যবস্থা ও ব্র্যান্ড পরিচয়ের কেন্দ্রবিন্দুতে থাকবে।
তবে ড্রিপ জুতার নকশা ও প্রয়োজনীয় মান নিশ্চিত করতে চীনের একটি প্রস্তুতকারকের প্রযুক্তিগত দক্ষতাকে বেছে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, এর আগে ঘড়ি ও চশমার মতো পণ্যের ক্ষেত্রেও তারা সুইজারল্যান্ড ও জাপানের সরবরাহকারীদের সঙ্গে কাজ করেছে।
গুচির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ইতালির বাইরে উৎপাদন সরিয়ে নেওয়ার কোনো বড় পরিকল্পনা নেই।
গুচির ওয়েবসাইট অনুযায়ী, ড্রিপ মডেলটি এই ব্র্যান্ডে ডিজাইনার ডেমনার প্রথম জুতা।
গত মাসে এটি বাজারে আসে। ইউরোপে জুতাটির দাম প্রায় ৮০০ ইউরো এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার ডলার। নাইলন, ক্যানভাস বা সোয়েড দিয়ে তৈরি এই জুতায় ফিতা নেই।
চীনে তৈরি আরেকটি চামড়ার স্লিপ-অন জুতাতেও একই ‘মেড ইন চায়না’ পরিচয় রয়েছে। গুচি জানিয়েছে, বিশেষ নকশার কারণে এই জুতাটিও চীনে তৈরি করা হয়েছে।
তবে গুচির ওয়েবসাইটে দেশীয় উৎপাদনের পরিচয় থাকা অন্যান্য সব জুতাই ইতালিতে তৈরি বলে উল্লেখ করা হয়েছে।
চীন বিশ্বজুড়ে জুতা তৈরির অন্যতম বড় কেন্দ্র। দেশটির অনেক প্রস্তুতকারক বড় ও প্রিমিয়াম ব্র্যান্ডের জন্য জুতা তৈরি করে থাকে। তবে গুচির ক্ষেত্রে ইতালির বদলে চীনে তৈরি পণ্য আনার সিদ্ধান্ত নিয়ে কিছু বিশ্লেষক প্রশ্ন তুলেছেন।
বারেনবার্গের বিশ্লেষকদের মতে, পণ্যের উৎপাদনস্থল ও গুচির বিলাসবহুল ব্র্যান্ড হিসেবে অবস্থানের মধ্যে এ সিদ্ধান্ত কিছুটা টানাপোড়েন তৈরি করতে পারে।
এদিকে, গুচির মূল প্রতিষ্ঠান কেরিংয়ের দুটি সূত্র জানিয়েছে, বাজারে অংশীদারি বাড়াতে কিছু পণ্যের দামও কমানো শুরু করেছে ব্র্যান্ডটি। তবে এই মূল্য কমানোর সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা বিস্ময় তৈরি করেছে বলে জানিয়েছেন বার্কলেসের বিশ্লেষক ক্যারোল মাজো।
গত তিন বছরে গুচির বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। এর প্রভাব পড়েছে লাভের ওপরও। পরিস্থিতি সামাল দিতে প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি দোকান বন্ধ করেছে। এমন অবস্থায় নতুন পণ্য ও তুলনামূলক কম দামের মাধ্যমে আরও বেশি ক্রেতাকে আকৃষ্ট করার চেষ্টা করছে গুচি।