জাজিরায় আবারও তীব্র নদীভাঙন, চোখের পলকে বসতবাড়ি নদীগর্ভে
ছবি: সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর তীব্র ভাঙনে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে বসতবাড়ি ও ফসলি জমি। উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের আলমখার কান্দী এলাকায় হঠাৎ এই ভাঙনে দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে আলমখার কান্দী এলাকায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রবল স্রোতে প্রতিদিনই নদীতীরের মাটি ধসে পড়ছে।
স্থানীয়দের দাবি, গত কয়েক দিনে প্রায় ২০০ মিটার বা তারও বেশি নদীতীর বিলীন হয়েছে। এতে বসতবাড়ি, দোকানপাট, ফসলি জমি ও স্থানীয় সড়কের বিভিন্ন অংশ ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
ভাঙনের কবলে পড়ে প্রবাসী জুলহাস খানের বসতবাড়ি। প্রথমে নদীর স্রোতে বাড়ির পাশের মাটি ধসে পড়তে শুরু করে। ধীরে ধীরে নদী বাড়িটির একেবারে কাছে চলে আসে। একপর্যায়ে বাড়ির একটি অংশে ধস নামে। পরে অল্প সময়ের মধ্যেই পুরো বসতবাড়িটি পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়।
এদিকে ভাঙন অব্যাহত থাকায় আশপাশের আরও কয়েকটি বসতবাড়ি ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে।