দেশে নিষিদ্ধ সংগঠনের নেতার জায়গা হবে না: এমপি শেখ মানিক
ছবি: সংগৃহীত
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য বলেছেন, বাংলাদেশে কোনো নিষিদ্ধঘোষিত নেতার জায়গা হবে না। চাঁদপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলে যারা যোগ দিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, তারা এখনো ‘বোকার স্বর্গে’ বাস করছেন।
তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যা করার প্রয়োজন, তা করা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মিছিলপূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এই সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শেখ মানিক বলেন, আমাদের সমাবেশ দুরভিসন্ধি প্রতিরোধের সমাবেশ। দেশে কেউ কেউ লংমার্চে বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান। একেক জায়গায় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন তিনি।
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামছুল আরেফিন খান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝি, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।