পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তথ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তথ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদ ও স্বৈরাচার পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্র মোকাবিলা করে তাদের ফ্যাসিবাদ ভেঙে দিয়েছি। তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ আছে। জনগণকে সঙ্গে নিয়ে এই গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।

সমাবেশে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।